চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ জন
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ PM
চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—কার্ল দেইসেরাথ, পিটার হেগেমান ও জর্জ ন্যাগেল। সোমবার (৫ অক্টোবর) সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি তাঁদের নাম ঘোষণা করে।
মানব মস্তিষ্কের গঠন, স্মৃতি, অনুভূতি এবং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এই তিন বিজ্ঞানীর গবেষণার সঙ্গে ‘চ্যানেলরোডপসিন’ নামের বিশেষ প্রোটিনের আবিষ্কার ও ব্যবহারের বিষয়টি যুক্ত। তাঁদের কাজ স্নায়ুবিজ্ঞানে নতুন গবেষণার পথ তৈরি করেছে বলে মনে করছে কমিটি।
পিটার হেগেমান ও জর্জ ন্যাগেল চ্যানেলরোডপসিন প্রোটিন আবিষ্কার করেন। পরে কার্ল দেইসেরাথ এই আবিষ্কারকে কাজে লাগিয়ে স্নায়ুকোষের কার্যকলাপ নিয়ন্ত্রণে আলো ব্যবহারের পদ্ধতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, তাঁদের গবেষণার মাধ্যমে আলো ব্যবহার করে কোষ, বিশেষ করে স্নায়ুকোষের কার্যকলাপ নিয়ন্ত্রণের নতুন সুযোগ তৈরি হয়েছে। এর ফলে মস্তিষ্কের কার্যক্রম বোঝার পাশাপাশি বিভিন্ন স্নায়বিক রোগসহ অন্যান্য রোগের চিকিৎসায়ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
এই গবেষণার ফলে স্নায়ুবিজ্ঞানে ‘অপটোজেনেটিকস’ নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ গবেষণা পদ্ধতির বিকাশ ঘটে। আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের সুযোগ তৈরি হওয়ায় মস্তিষ্ক নিয়ে গবেষণায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।