হারের পর উত্তপ্ত ফ্রান্স
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৬:২৪ PM
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে পরাজয়ের পর ফ্রান্সের কয়েকটি শহরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ বিভিন্ন এলাকায় সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি মানুষকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্যারিস থেকেই গ্রেপ্তার করা হয়েছে ১৪১ জনকে।
পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, বেশির ভাগ আটকের ঘটনা ঘটেছে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপের অভিযোগে।
এদিকে, লিওঁর প্লাস বেলকুর এলাকায় বড় পর্দায় ম্যাচ দেখতে জড়ো হয়েছিলেন শত শত সমর্থক। খেলা শেষ হওয়ার পরও অনেকেই সেখানে অবস্থান করছিলেন। পরে কয়েকটি ছোট দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট সিআরএস ৮৩-এর সহায়তা নেয়। যৌথ অভিযানে উত্তেজনাকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং প্রায় ২০ জনকে আটক করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তিদের অধিকাংশই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।
তবে সংঘর্ষের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ গুরুতর আহতও হননি এবং সরকারি বা বেসরকারি সম্পদের উল্লেখযোগ্য ক্ষতির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।