পাল্টা হামলা ইরানের

ইরান
  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

আইআরজিসির দাবি, বৃহস্পতিবার রাতে চালানো এই হামলায় মার্কিন সামরিক বাহিনীর একাধিক জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এছাড়া আরও কয়েকটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

এক বিবৃতিতে আইআরজিসি জর্ডানের জনগণকে দেশটিতে থাকা ‘মার্কিন স্বার্থ’ লক্ষ্য করে হামলা চালানোর আহ্বানও জানিয়েছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে জর্ডান সরকার কিংবা মার্কিন সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে জর্ডান কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনটি সেতু, একটি রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির তথ্যমতে, আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়।

ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই-খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন এবং একটি বিদ্যুৎকেন্দ্রও হামলার শিকার হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দরও মার্কিন হামলায় বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে প্রদেশটির কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল


মন্তব্য