কাশ্মীরে হামলা
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ PM
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আনন্তনাগ জেলায় সন্দেহভাজন সশস্ত্র হামলাকারীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আনন্তনাগের লালচক এলাকায় দায়িত্বে থাকা একটি পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
নিহত পুলিশ সদস্যের নাম আশিক হুসেইন কুরেশি (৩৫)। তিনি হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত আনন্তনাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হামলার দায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লস্কর-ই-তইবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।
উল্লেখ্য, চলমান অমরনাথ যাত্রা উপলক্ষে আনন্তনাগসহ আশপাশের এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তবে টানা চার দিন ধরে বিরূপ আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রয়েছে।