হুমকি পাচ্ছেন মামদানি
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:৪১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৫:৪১ PM
গাজায় ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তিনি এবং তার স্ত্রী প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
মার্কিন সাময়িকী রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, এ ধরনের হুমকির জন্য আগে থেকে প্রস্তুত থাকা কঠিন। তবে সবার অধিকার ও ন্যায়বিচারের পক্ষে কথা বললে এর কিছু পরিণতি মেনে নিতেই হয়।
তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় সদস্য থাকাকালেও একই ধরনের হুমকি পেয়েছিলেন। সে সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা করেন এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের বিরোধিতা করেন।
মামদানির ভাষ্য, মেয়র হওয়ার আগেই এসব হুমকি শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে তার স্ত্রী রামা দুয়াজিও সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।
এদিকে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে বিচারিক প্রক্রিয়া চলা উচিত। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও উল্লেখ করেন।
তবে পরে তিনি স্পষ্ট করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তার মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের।