অবশেষে ককরোচের বিজয়
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:০৯ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ১১:০৮ PM
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।
এর আগে তৃতীয় দফা আলোচনার আগে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না।
শনিবার এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে, তাহলে আলোচনার কোনো অর্থ হয় না।”
তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আলোচনায় অংশ নেওয়ারও কোনো অর্থ থাকে না।
এর আগে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন। শনিবার বিকেলে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিজেপি জানিয়েছে, তারা এখনও তাদের দাবিতে অনড় রয়েছে।
প্ল্যাটফর্মটির তিনটি প্রধান দাবি হলো- শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবারের বৈঠকে কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের দুটি দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে তখন সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সূত্র: এনডিটিভি