হঠাৎ কেন ইরানে হামলা বন্ধ করলো যুক্তরাষ্ট্র?
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:১১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ১০:১১ AM
টানা দুই সপ্তাহ ইরানে বিমান হামলা চালানোর পর গত দুই দিন ধরে সামরিক অভিযান স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
আজ রবিবার (২৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইলের মজুত নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হয়। এরপরই ইরানের বিরুদ্ধে বড় পরিসরের নতুন হামলার পরিকল্পনা থেকে সরে আসে হোয়াইট হাউস।
এর আগে শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদারের কথা বললেও, পরে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বৈঠকে সতর্ক করে বলেন, বড় ধরনের হামলা চালানো সম্ভব হলেও এর ফলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর হাতে থাকা ইন্টারসেপ্টর মিসাইল দ্রুত ফুরিয়ে যেতে পারে।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য, সাম্প্রতিক হামলা ইরানকে আলোচনার টেবিলে আনতে কার্যকর হবে কি না, তা নিয়েও প্রশাসনের ভেতরে সংশয় তৈরি হয়েছে। তার মতে, এসব হামলার ফলে ইরানের অভ্যন্তরে বিভক্তির পরিবর্তে বরং জাতীয় ঐক্য আরও জোরদার হয়েছে এবং দেশটি বাইরের হুমকির বিরুদ্ধে আরও সংগঠিত অবস্থান নিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে কোনো নতুন বিমান হামলা চালায়নি।
সূত্র: নিউইয়র্ক টাইমস