ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, হুঁশিয়ারি

জাহাজ
  © সংগৃহীত

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। শনিবার (২৬ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘শত্রুতাপূর্ণ’ ও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে। খবর আল জাজিরা ও রয়টার্স।

ঘটনার জেরে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে ইরান জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তেহরানের অভিযোগ, ইউক্রেন এ ধরনের হামলার মাধ্যমে চলমান সংঘাতের পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাসের সঙ্গেও টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনী কাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ এবং ইরান-সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে।

এছাড়া জেলেনস্কির অভিযোগ, রাশিয়া মধ্যপ্রাচ্যে উপসাগরীয় দেশগুলো এবং সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট তথ্য ইরানের কাছে সরবরাহ করছে। তার দাবি, ইরান এসব তথ্য হামলার পরিকল্পনা ও ক্ষয়ক্ষতি মূল্যায়নে ব্যবহার করছে এবং জুলাইয়ের শুরু থেকেই এ ধরনের কার্যক্রমের তথ্য ইউক্রেনের হাতে রয়েছে।

উল্লেখ্য, হামলার বিষয়ে ইরান ও ইউক্রেন উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে। তবে এসব দাবির স্বাধীন বা নিরপেক্ষ যাচাই এখনো সম্ভব হয়নি।


মন্তব্য