শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দেশ

জাপান
  © ফাইল ছবি

জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন এবং একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ ১ মিটার (প্রায় ৩ দশমিক ৩ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। এ কারণে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, সতর্কতা জারির পর নির্ধারিত উচ্চতার কিছু ঢেউ ইতোমধ্যে উপকূলে আঘাত হেনে থাকতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মানবজীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, ভূমিকম্পের পর দক্ষিণ-পশ্চিম জাপানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা বা বড় ধরনের ত্রুটির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

শক্তিশালী এ ভূমিকম্পের পর কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুন উত্তর জাপানেও ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে সে ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থল এবং প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। ফলে দেশটিতে প্রতি বছরই শত শত ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়।
সূত্র: এনডিটিভি


মন্তব্য