লোহিত সাগর থেকে শুল্ক নেবে হুথিরা!
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ PM
ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ফি আদায়ের একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মোআম্মার আল-ইরিয়ানি এই উদ্যোগকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, এর মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথকে হুথিদের সামরিক কর্মকাণ্ডের অর্থায়নের স্থায়ী উৎসে পরিণত করার চেষ্টা চলছে।
আল-ইরিয়ানি বলেন, সম্প্রতি পাওয়া ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে। তার অভিযোগ, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই পরিকল্পনার বাস্তবায়নে সহায়তা করছে।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, আইআরজিসির বিশেষজ্ঞ ও উপদেষ্টারা এই প্রকল্পের প্রযুক্তিগত ও প্রশাসনিক কাঠামো তৈরিতে সরাসরি সম্পৃক্ত রয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, পরিকল্পনার অংশ হিসেবে একটি পৃথক সংস্থা গঠন করা হতে পারে, যা আন্তর্জাতিক শিপিং কোম্পানি ও বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করবে।
লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিতে এই রুটের গুরুত্ব আরও বেড়েছে।
তবে এ অভিযোগের বিষয়ে হুথি গোষ্ঠী বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ইয়েমেনে বর্তমানে দুটি পৃথক প্রশাসন কার্যক্রম পরিচালনা করছে। একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, যা যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘের সমর্থনপুষ্ট। অন্যদিকে রাজধানী সানাসহ দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী, যারা নিজস্ব প্রশাসনিক কাঠামোর মাধ্যমে শাসন পরিচালনা করছে।