সাঁতরে একদিনেই স্পেনে ঢুকলো ৫০ হাজার মানুষ
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০ PM
মরক্কো থেকে সাঁতরে কিংবা সীমান্ত প্রাচীর টপকে মাত্র একদিনে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় প্রবেশ করেছেন প্রায় ৫০ হাজার মানুষ। ইউরোপে প্রবেশের আশায় তারা এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে।
সেউতা উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর, যা মরক্কোর সীমান্তঘেঁষা। শহরটিতে প্রবেশের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে পৌঁছানোর সুযোগ পান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাজারো মানুষ সমুদ্র পাড়ি দিয়ে সাঁতরে এবং অনেকে সীমান্তের বেড়া টপকে সেউতায় প্রবেশ করছেন। বিপুলসংখ্যক মানুষের চাপে সীমান্ত নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভরও মানুষের প্রবেশ অব্যাহত ছিল।
এই ঝুঁকিপূর্ণ যাত্রায় এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, চলতি মাসে স্পেনের সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, সাগরপথে সেউতা বা মেলিলায় প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের আটক করে তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। ওই রায়ের পর থেকেই সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সেউতার মোট জনসংখ্যা প্রায় ৮৪ হাজার হলেও একদিনে প্রায় ৫০ হাজার মানুষের প্রবেশে সেখানে মানবিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের অনুরোধে স্পেনের কেন্দ্রীয় সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও সেনা মোতায়েন করেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিপুল মানুষের চাপে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
সূত্র: বিবিসি