মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:০০ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৭:০০ PM
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি মার্কিন এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট বিমান থেকে সফলভাবে ইজেক্ট করায় তিনি প্রাণে বেঁচে গেছেন। আহত হলেও তার আঘাত গুরুতর নয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শুক্রবার সান দিয়েগোর মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের কাছে এফ-৩৫বি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
মার্কিন মেরিন কর্পস এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে বিমান থেকে ইজেক্ট করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার আঘাতকে প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ধুলোমাখা মাঠে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। ঘটনাস্থলে সামরিক বাহিনী, দমকল বিভাগের একাধিক যানবাহন ও উদ্ধারকর্মীরা কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে মাটিতে অগ্নিনিরোধক রাসায়নিকও ছড়িয়ে দিতে দেখা যায়।
সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, দুর্ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তিনি মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিরামার ঘাঁটিতেই একসময় বিখ্যাত ‘টপ গান’ চলচ্চিত্রে দেখানো নৌবাহিনীর ফাইটার পাইলট প্রশিক্ষণ স্কুল ছিল। ‘ফাইটারটাউন ইউএসএ’ নামে পরিচিত এই ঘাঁটি ১৯৯৬ সালে মেরিন কর্পসের কাছে হস্তান্তরের পর প্রশিক্ষণ কেন্দ্রটি নেভাল এয়ার স্টেশন ফ্যালন–এ স্থানান্তর করা হয়।
২০২৪ সালে গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের এক বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন মেরিন কর্পস, নৌবাহিনী ও বিমান বাহিনীর কাছে ৬৩০টিরও বেশি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে এফ-৩৫বি সংস্করণটি স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণের সক্ষমতার জন্য বিশেষভাবে তৈরি। একটি এফ-৩৫বি যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।
মেরিন কর্পস শুক্রবারের ঘটনাটিকে ‘এ ক্লাস দুর্ঘটনা’ হিসেবে শ্রেণিভুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কোনো দুর্ঘটনায় ২০ লাখ ডলারের বেশি ক্ষতি, বিমান সম্পূর্ণ ধ্বংস বা কোনো সেনাসদস্যের মৃত্যু ঘটলে সেটিকে ‘এ ক্লাস দুর্ঘটনা’ হিসেবে বিবেচনা করা হয়।
ইউএস এয়ার ফোর্স সেফটি সেন্টারের তথ্য অনুযায়ী, ২০০০ সালের পর থেকে শুধু মার্কিন বিমান বাহিনীতেই এফ-৩৫–সংক্রান্ত অন্তত ১৭টি ‘এ ক্লাস’ দুর্ঘটনা ঘটেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল