এবার ভারতে জেন-আলফা আন্দোলন

ভারত
  © সংগৃহীত

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেন জির আন্দোলনের রেশ কাটতে না কাটতেই ভারতের বিভিন্ন রাজ্যে নিজেদের অধিকার ও নাগরিক সুবিধার দাবিতে রাস্তায় নেমেছে নতুন প্রজন্মের আরেক অংশ-জেন আলফা।

উন্নত স্কুল, নিরাপদ সড়ক, বিশুদ্ধ পানি, পর্যাপ্ত শিক্ষক, মানসম্মত খাবার ও প্রয়োজনীয় অবকাঠামোর দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ, পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছে স্কুলশিক্ষার্থীরা। এতে স্থানীয় প্রশাসনের ওপরও বাড়ছে চাপ।

কোথাও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিচ্ছে শিক্ষার্থীরা, কোথাও স্কুলের ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ করছে। আবার কোথাও দিনের পর দিন অবস্থান কর্মসূচিও পালন করছে তারা।

সংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু হওয়া জেন জির বিভিন্ন আন্দোলন নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরও নিজেদের অধিকার ও স্থানীয় সমস্যাগুলো নিয়ে সোচ্চার হতে উৎসাহিত করেছে।

স্বাধীনতা দিবস সামনে রেখে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলোর উন্নয়নের দাবিতে ‘স্কুল ঠিক করো’ নামে প্রচারণা শুরু করেন। এরপর বিভিন্ন রাজ্যে স্কুল ও নাগরিক সুবিধা নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ আরও দৃশ্যমান হয়ে ওঠে।

পাকা সড়কের দাবিতে পদযাত্রা

উত্তর প্রদেশের হামিরপুরে গত ১১ আগস্ট জাতীয় পতাকা হাতে নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের দিকে পদযাত্রা করে একদল স্কুলশিক্ষার্থী। তাদের অভিযোগ, বৃষ্টির সময় সড়ক কাদায় পরিণত হওয়ায় স্কুলে যাতায়াত কঠিন হয়ে পড়ে। বন বিভাগ বিকল্প পথও বন্ধ করে দেওয়ায় তারা প্রশাসনের কাছে সমস্যার সমাধান দাবি করে।

এর আগে ২৮ জুলাই ফতেহপুরের কিশানপুরে সর্বোদয় ইন্টার কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থী সুপেয় পানি, শ্রেণিকক্ষে সচল পাখা, অবকাঠামো সংস্কার ও মানসম্মত মধ্যাহ্নভোজের দাবিতে চার ঘণ্টা অবস্থান করে। পরে শিক্ষা কর্মকর্তারা দাবিগুলো পূরণের লিখিত আশ্বাস দেন।

শিক্ষক ও অবকাঠামো সংকটেও আন্দোলন

রাজস্থানের বারমেরে শিক্ষক সংকটের প্রতিবাদে সরকারি স্কুলের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। জালোরের মেগালওয়া গ্রাম ও জয়পুরেও শিক্ষার্থীরা সরকারি স্কুলের জরাজীর্ণ অবস্থা তুলে ধরে প্রতিবাদ জানিয়েছে।

বিহারের গয়া জেলার সিমুয়ারা মধ্য বিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী গত ৩০ জুলাই নিম্নমানের খাবার, নষ্ট চাপকল, অপরিচ্ছন্ন শৌচাগার ও খেলাধুলার সরঞ্জামের অভাবের প্রতিবাদে মহকুমা কর্মকর্তার দপ্তরে বিক্ষোভ করে স্মারকলিপি দেয়। পরে পাঁচ দিনের মধ্যে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেওয়া হয় এবং বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

বাসভাড়া থেকে শিক্ষক নিয়োগ, নানা দাবিতে শিক্ষার্থীরা

মধ্যপ্রদেশের সিরোঞ্জে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে স্কুলছাত্রীদের একটি দল বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। তাদের অভিযোগ, ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্কুলে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

মহারাষ্ট্রের ধরাশিব জেলার সোনারি গ্রামের জেলা পরিষদ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষক সংকট নিরসনের দাবিতে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান শুরু করেছে।

নাগপুরের খেতাপুরে সাত কিলোমিটার কাদামাটির রাস্তা পেরিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। সেখানে স্কুলবাস চালুর দাবি জানিয়েছে তারা। নাশিকের শিক্ষার্থীরা আবার প্লাস্টিকের বোতলকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করে ভাঙাচোরা সড়কের দুরবস্থা তুলে ধরে ভিডিও প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবন্ধী শিক্ষার্থীরাও সরব

উত্তরাখণ্ডের দেরাদুনে শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নিয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা, আর্থিক অনুদান ও স্থায়ী পরিচালক নিয়োগের দাবিতে আগস্টজুড়ে একাধিক দিন বিক্ষোভ করেছে তারা।

সব মিলিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে স্কুলশিক্ষার্থীদের এসব আন্দোলনে শিক্ষা ও স্থানীয় অবকাঠামোর পাশাপাশি নাগরিক সুবিধার নানা ঘাটতিও সামনে আসছে। জেন জির পর জেন আলফার এই সক্রিয়তা নতুন প্রজন্মের মধ্যে অধিকার সচেতনতার বিস্তারকেই তুলে ধরছে।


মন্তব্য