কলকাতায় আগুনে নিহত হতভাগা ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

হোটেলে অগ্নিকাণ্ড
  © সংগৃহীত

ভারতের কলকাতার মীর্জা গালিব স্ট্রীটের একটি হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিহত ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তারা হলেন- শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী। অন্য বাংলাদেশি নিহত আহমেদ বাবু ঢাকার সাভারের বাসিন্দা।

নিহত ভারতীয় নাগরিকের পরিচয়ও শনাক্ত হয়েছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা ১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

পরিচয় শনাক্ত হওয়া ছয়জন হলেন-

১. শর্ণশিষ দত্ত
জন্ম: ২০ ডিসেম্বর ২০২৩। তাঁর পিতা দেবাশিস দত্ত। ঠিকানা কুষ্টিয়ার আরুয়াপাড়া।

২. আফসানা শিম্মিন
জন্ম: ৬ জানুয়ারি ১৯৯৯। পিতা মো. আকরাম আলী। ঠিকানা কুষ্টিয়ার আরুয়াপাড়া।

৩. দেবাশিস দত্ত
জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭। পিতা দিলীপ কুমার দত্ত। ঠিকানা কুষ্টিয়ার আরুয়াপাড়া।

৪. মো. আকরাম আলী
জন্ম: ১৬ জুন ১৯৬২। পিতা ইয়াসিন আলী। তাঁর ঠিকানা কুষ্টিয়ার থানাপাড়া।

৫. আহমেদ বাবু
জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০২৩। পিতা আদম আলী। ঠিকানা ঢাকার সাভারের বেগুনবাড়ি।

৬. সন্দীপ পাসওয়ান
বয়স ১৯ বছর। পিতা প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর। তাঁর বাড়ি ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার পিলমউ গ্রামে।

হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তসহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।


মন্তব্য