তারেক রহমানের সফর ঘিরে এক ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার ভারতের
- বাংলাকণ্ঠ ডেস্ক:
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৭:০৮ PM
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম (দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছিল, বিশেষ অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করা হয়। তবে তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে এখনো ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এরপর বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতি ভবন থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে জানানো হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে প্রকাশিত আগের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি ভবনে বিদেশি রাষ্ট্রপ্রধান ও শীর্ষ পর্যায়ের অতিথিদের রাষ্ট্রীয় সফর উপলক্ষে বিশেষ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়ে থাকে। এসব আয়োজনে সাধারণত সামরিক কুচকাওয়াজ, গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং রাষ্ট্রীয় পর্যায়ে আনুষ্ঠানিক পরিচয়পর্ব থাকে।
সফরের মূল অনুষ্ঠানের আগে এসব আনুষ্ঠানিকতার মহড়াও অনুষ্ঠিত হয়। এছাড়া সফররত রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজনেরও প্রচলন রয়েছে।
তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরের বিষয়ে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরে তা প্রত্যাহারের ঘটনায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে