নেপালে দুর্যোগে নিহত ৯১৯, কোন দেশের কতজন নিখোঁজ?

নেপাল
  © সংগৃহীত

নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৯১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এছাড়া দুই অঞ্চলে নিখোঁজ রয়েছেন অন্তত ৪ হাজার ৭৯৩ জন। নিখোঁজদের মধ্যে নেপালে ৪ হাজার ২৪৭ জন এবং তিব্বতে ৫৪৬ জন রয়েছেন।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা ৯০৩। নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক রয়েছেন। তবে তারা কোন কোন দেশের নাগরিক, তা বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক।

এদিকে নেপাল থেকে নেমে আসা নদীগুলোতে ভারতের বিভিন্ন এলাকায় সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে মরদেহগুলো এখনো মোট মৃতের সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি।

নেপালে নিখোঁজদের মধ্যে কারা

নেপালে নিখোঁজদের মধ্যে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৯৩৩ জন রয়েছেন। এ ছাড়া নেপালি সেনাবাহিনীর ৪৫ সদস্য, পুলিশ ও সশস্ত্র পুলিশের ৩৮ সদস্য এবং শুল্ক ও অভিবাসন বিভাগের ১৮ কর্মকর্তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুয়াকোট জেলায় ১ হাজার ১৫৮ জন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, তিব্বতে ১০৪ জন নেপালি নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সিসিটিভি।

কোন দেশের কত নাগরিক নিখোঁজ

দুই অঞ্চলের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন—

ভারত: নেপালে ২৭৫ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ১২৮ জন। তিব্বতে ৪৯ ভারতীয় নিখোঁজ। তবে চীনের অংশে থাকা প্রায় ৯০০ ভারতীয় নিরাপদে আছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্র: নেপালে প্রায় ৮৫ জন এবং তিব্বতে ১৮ জন নিখোঁজ। নেপালে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইউক্রেন: নেপালে ৬১-৬২ জন এবং তিব্বতে একজন।
মালয়েশিয়া: নেপালে ৫১ জন এবং তিব্বতে ৩ জন।
অস্ট্রেলিয়া: ৪২ জন।
যুক্তরাজ্য: নেপালে ৩৩ জন এবং তিব্বতে ১৫ জন।
লাটভিয়া: নেপালে ২৯ জন এবং তিব্বতে ৩৩ জন।
কানাডা: নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় ৩০ জন।
দক্ষিণ কোরিয়া: ৯ জন পর্যটক নিখোঁজ। এ ছাড়া জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত আরও ৯ জনের সঙ্গে যোগাযোগ নেই।
সিঙ্গাপুর: ৯ জন।
জার্মানি: নেপালে ৮ জন এবং তিব্বতে ৩ জন।
রাশিয়া: নেপালে ৯ জন নিখোঁজ ও ২ জন উদ্ধার হয়েছেন। তিব্বতে নিখোঁজ ৩ জন।

এ ছাড়া নিখোঁজ বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ১০ জন, নিউজিল্যান্ডের ৭ জন, ফ্রান্সের ৬ জন, স্পেনের ৪ জন, হাঙ্গেরির ৪ জন, পর্তুগালের ৪ জন, নেদারল্যান্ডসের ৪ জন, ইতালির ৩ জন, আয়ারল্যান্ডের ৪ জন, কাজাখস্তানের ৪ জন, বেলারুশের একজন, ফিনল্যান্ডের ২ জন, ইসরাইলের একজন, লিথুয়ানিয়ার ২ জন, ফিলিপাইনের একজন, সার্বিয়ার একজন, সুইজারল্যান্ডের একজন, সুইডেনের একজন, ভিয়েতনামের একজন এবং এস্তোনিয়ার ২ জন রয়েছেন।

তবে বিভিন্ন দেশের সরকার, নেপাল ট্যুরিজম বোর্ড এবং চীনা কর্তৃপক্ষের দেওয়া তথ্যে নিখোঁজ ও মৃতের সংখ্যায় কিছুটা পার্থক্য রয়েছে। উদ্ধার অভিযান এবং নিখোঁজদের পরিচয় শনাক্তের কাজ চলমান থাকায় এই সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

সূত্র: এনডিটিভি


মন্তব্য