ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিলো কর্তৃপক্ষ

ভারত
  © সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের শাহরানপুরে প্রায় ১৫০ বছরের পুরোনো একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়।

শাহরানপুর কালেক্টরেটের সরকারি জায়গায় মসজিদটি নির্মাণ করা হয়েছিল—এমন অভিযোগের ভিত্তিতে এটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরে জেলা আদালতও ওই সিদ্ধান্ত বহাল রাখে।

গত জুলাইয়ে সিটি ম্যাজিস্ট্রেট মসজিদটিকে অনুমোদনহীন স্থাপনা হিসেবে উল্লেখ করে ৩০ দিনের মধ্যে জায়গাটি খালি করার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি জমিতে মসজিদ নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাড়ে ৬ কোটি রুপি জরিমানা করা হয়।

মসজিদটি অপসারণের দাবিতে স্থানীয় বাজরং দলের নেতা বিকাশ তিয়াগী তৎপরতা চালিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরই মসজিদটি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়।

পরে মসজিদ কর্তৃপক্ষ আদালতে আপিল করে। তবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা আদালত সেই আপিল খারিজ করে দেন। এর পরদিন ভোরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে মসজিদটি ভেঙে ফেলা হয়।

মসজিদটি ভেঙে ফেলার ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মসজিদের মুতাওয়াল্লি তানভীর আহমেদ দাবি করেন, প্রায় ১৫০ বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। পুরোনো এই স্থাপনাটিকে এখন অবৈধ হিসেবে উল্লেখ করে ভেঙে ফেলা হয়েছে।

সূত্র: মাকতুব মিডিয়া


মন্তব্য