বাবেল মানদেবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ PM
লোহিত সাগরের বাবেল-মানদেব প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নৌবাহিনীকে প্রস্তুত করছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, ইতালীয় জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনে নৌবাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ক্রোসেত্তো বলেন, সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে আমলাতান্ত্রিক বিলম্ব এড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌবাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে। তবে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে বা কোন কোন নৌযান সেখানে পাঠানো হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাবেল-মানদেবকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। ইয়েমেনের উপকূলের কিছু অংশ হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বিঘ্ন সৃষ্টি হলে পণ্য পরিবহনের ব্যয় বাড়তে পারে, সরবরাহে বিলম্ব হতে পারে এবং এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা ও ব্যবসার ওপর পড়তে পারে।
এ ছাড়া সমুদ্রের নিচে থাকা গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে ডেটা কেবল ও জ্বালানি সংযোগের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়েছেন ক্রোসেত্তো। ইতালির জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সমুদ্রপথের ওপর ও নিচের অবকাঠামো পর্যবেক্ষণ ও সুরক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে।