লতিফ সিদ্দিকীকে কারাগারে

লতিফ সিদ্দিকী
  © সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাকে হাজির করা হলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এরপর সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৯ সালে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। ২০১৪ সালে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তিনি মন্ত্রিত্ব হারান এবং দল থেকেও বহিষ্কৃত হন। পরবর্তীতে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।


মন্তব্য