শোকে স্তব্ধ গোটা জাতি

কবি নজরুলের পাশে সমাহিত হবেন হাদি

হাদি
  © সংগৃহীত

আততায়ীর গুলিতে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের উত্তর দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। এর আগে শনিবার বেলা ২টায় মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই তার মরদেহ দেশে এসে পৌঁছেছে। 

হাদির পরিবারের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিষয়টি সিন্ডিকেটে তোলা হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে। সিন্ডিকেট সভার প্রস্তুতি চলছে।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে। হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন, তাদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করা হয়েছে। সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তবে ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

ইনকিলাব মঞ্চের এক পোস্টে বলা হয়, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমঘরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।

পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদীকে কবি নজরুলের পাশে সমাহিত করার ও মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদে আনা হবে।

ছাত্রজনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়।

মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।’

এদিকে আততায়ীর গুলিতে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য গোটা জাতি যেন শোকে মুহ্যমান, স্তব্ধ। ক্ষণজন্মা এ যুবকের মৃত্যুতে বৃহস্পতিবার রাত থেকেই কাঁদছে গোটা দেশ। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আততায়ীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।


মন্তব্য