বাড়লো ঢাকার আয়তন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ PM
রাজধানীর অদূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এর ফলে বাড়ছে ঢাকার আয়তন। অন্যদিকে সামান্য কমছে নারায়ণগঞ্জ ও গাজীপুরের আয়তন।
আজ বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ঢাকাসহ একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবং কিছু অংশ গাজীপুরের কালীগঞ্জে পড়েছে। তিন জেলায় বিভক্ত হওয়ায় এ প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা হচ্ছিল।
এই সমস্যা সমাধানে প্রকল্পটির পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আজ সেটা অনুমোদন পেলো।
এর ফলে পূর্বাচলের প্রায় ৬ হাজার ২১ একর জমি ঢাকা জেলার আওতায় আসবে। একইসঙ্গে দেশের সবচেয়ে বড় পরিকল্পিত আবাসন প্রকল্পটি সম্পূর্ণভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আসছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত ২৫ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২৩ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর মে মাসে প্রাক-নিকার সচিব কমিটিও প্রস্তাবটি অনুমোদন দেয়।
সরকারের নতুন এই সিদ্ধান্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভূমি ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং অবকাঠামো পরিচালনায় সমন্বয় অনেক সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গৃহায়ন ও গণপূর্ত সচিব বলেন, ‘প্রকল্পটি নিকারের সভায় অনুমোদন পেলে প্রকল্প এলাকাটি ঢাকা উত্তর সিটির আওতায় আনা হবে। এটি বাস্তবায়ন হলে প্রকল্প এলাকার মানুষের নাগরিক সেবা, নিরাপত্তা ও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে ঢাকা উত্তর সিটি।’
তবে সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করে নগর পরিকল্পনাবিদদের অনেকে বলছেন, এমনটি করা হলে ঢাকা শহর আরও ‘ভারাক্রান্ত’ হবে।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেছেন, ‘পূর্বাচলের সিংহভাগই নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায়। নতুন শহরের জন্য নতুন কর্তৃপক্ষ হতে পারত। তা না করে এটিকে ঢাকা শহরের ভেতরে এনে ঢাকাকে আরও জটিল করা হচ্ছে। এমনিতেই কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না দুই সিটি কর্পোরেশন। আয়তন বাড়লে বরং সেবার মান আরও কমবে।
আধুনিক অবকাঠামো গড়ে উঠলেও প্রশাসনিক বিভাজনের কারণে নাগরিক সেবা ও ব্যবস্থাপনায় যে জটিলতা এতদিন ছিল, এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তার অবসান ঘটবে বলে আশা করছে সরকার।