প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ এমবিএসের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৩ PM
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি জানান।
তিনি বলেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আগ্রহী। সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন।
হুমায়ুন কবির বলেন, ঐতিহাসিকভাবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। সরকার এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় এবং ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করতে আগ্রহী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি সৌদি আরবের আমন্ত্রণ এবং ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরে আগ্রহ- উভয়ই দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ইঙ্গিত বহন করে।
জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। তবে সফরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে। তিনি জানান, গ্রীষ্মকাল শেষে প্রধানমন্ত্রীর সৌদি সফর অনুষ্ঠিত হতে পারে।