বদলে যাচ্ছে পাসপোর্ট

পাসপোর্ট
  © সংগৃহীত

বাংলাদেশের সাধারণ ও ই-পাসপোর্টের নকশায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নকশায় পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে স্থান পাচ্ছেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিম। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ নতুনভাবে ডিজাইন করা হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্নের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন উপাদান সংযোজন করা হয়েছে। বিশেষভাবে, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জলছাপ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুমোদিত নকশা অনুযায়ী, পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর এবং কার্জন হলসহ দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শনের ছবি স্থান পেয়েছে।

এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে কক্সবাজার সমুদ্র সৈকত, ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির জলছাপ ব্যবহার করা হবে। জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ এবং জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম **‘সংগ্রাম’**ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই **‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’**—এই ঘোষণা বহাল থাকবে। নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


মন্তব্য