মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা উদ্ধার
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৫১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৮:৫১ PM
রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার পর স্টেশনের নিচে পড়ে থাকা একটি ছাতার ভেতর মিটমিট করে আলো জ্বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করে। ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হন যে, ছাতার ভেতরে একটি বোমা ছিল।
তিনি জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাটি নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনার উৎস এবং কীভাবে বোমাটি সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।