টিসিবির পণ্য কিনতে গিয়ে প্রাণ হারালেন ২ জন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ PM
রাজধানীর মিরপুরে একটি কলেজের দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় তারা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টা ২৭ মিনিটের দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজসংলগ্ন লাভ রোড এলাকায় প্রায় ৮ ফুট উঁচু একটি দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলেজের দেয়ালের পাশেই টিসিবির ট্রাক থেকে পণ্য বিতরণ চলছিল। এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ওপর দেয়ালটি ধসে পড়ে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে পঙ্গু হাসপাতালে একজন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি পেশায় পরিচ্ছন্নতাকর্মী ছিলেন এবং মিরপুর-২ এলাকার জনতা হাউজিং-সংলগ্ন একটি টিনশেড বাসায় বসবাস করতেন। তার পরিচয় নিশ্চিত করেছেন তার মা শাহিদা বেগম। অন্য নিহত ব্যক্তি একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, আহত ছয়জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী রিয়াজুল ব্যাপারী বলেন, দুর্ঘটনার সময় তিনি কলেজের দেয়ালের অপর পাশে বসে চা পান করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন, দেয়ালটি ধসে পড়েছে। পরে স্থানীয় লোকজন দ্রুত ইট-সুরকি সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরিয়ান বলেন, দেয়ালটি কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছিল। সাম্প্রতিক বৃষ্টির কারণে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে থাকতে পারে বলে তার ধারণা।
ঘটনার পর কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে ক্যাম্পাসে পাওয়া যায়নি। কলেজ সূত্র জানিয়েছে, তারা আহতদের দেখতে হাসপাতালে গেছেন।