নগরসেবা পরিদর্শনে প্রধানমন্ত্রী
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৬:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ০৬:১০ PM
রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে তিনি প্রশাসককে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।
পরিদর্শনকালে রাজধানীর সড়কব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। রাতের সময় নগর ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরেজমিনে দেখতেই এই আকস্মিক পরিদর্শন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রের দাবি, নগরবাসীর ভোগান্তি কমিয়ে সেবার মান উন্নত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে বিদ্যমান সমস্যা চিহ্নিত করতে এবং বাস্তব পরিস্থিতি মূল্যায়নে প্রধানমন্ত্রী নিজেই পরিদর্শনে বের হন।
এর আগেও পবিত্র ঈদুল আজহার সময় রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল। ঘটনাটি সরকারি দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করার বার্তা হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।