মোটরসাইকেলের জন্য সতর্কবার্তা

মোটরসাইকেল
  © ফাইল ছবি

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও রাষ্ট্রীয় জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৩ আগস্ট) বিআরটিএ এক বার্তায় জানায়, গত ২১ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুস্বরবিশিষ্ট হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিআরটিএ জানায়, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এগুলো চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। সম্প্রতি বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এ অবস্থায় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা বিকট শব্দ সৃষ্টি করে এমন অননুমোদিত হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।


মন্তব্য