যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
  © পিএমও

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।

সরকারের নির্ভরযোগ্য সূত্র ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্য অনুযায়ী, সফরটি ৮ থেকে ১০ দিনের হতে পারে। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন কূটনৈতিক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন। সফর উপলক্ষে তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনারও আয়োজনের প্রস্তুতি চলছে।

নিউইয়র্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সেখান থেকেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে দীর্ঘ প্রায় চার দশক পর একই সময়ে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের একজন সরকারপ্রধান ও একজন বাংলাদেশি সভাপতি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সফরসূচি চূড়ান্ত করতে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাবেন। তবে সফরের বিস্তারিত সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে প্রস্তুতি চলছে।

দলীয় ও কূটনৈতিক সূত্র জানায়, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। এছাড়া ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সফর উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। ২০০৬ সালের পর এটিই হবে তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত জুলাইয়ে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে জনশক্তি, বাণিজ্য ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর আর কোনো বিদেশ সফরের পরিকল্পনা নেই।


মন্তব্য