ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
  © সংগৃহীত

আগামী সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি দাবি করেছে, ঢাকা ও নয়াদিল্লির সংশ্লিষ্ট সূত্র সফরের সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য সফরটি দুই দিনের হতে পারে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের। দুই দেশেই সফর আয়োজনের প্রস্তুতি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে এনডিটিভি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম নয়াদিল্লি সফর হতে পারে। সফরটি শেষ পর্যন্ত হলে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দুই দিনের সফরটি মূলত একটি দ্বিপক্ষীয় আলোচনার কাঠামোতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরের বিস্তারিত সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত সপ্তাহে জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।


মন্তব্য