উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

জনপ্রশাসন
  © সংগৃহীত

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ কর্মকর্তা। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে ২৬২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখ করা কর্মস্থলের পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। একই সঙ্গে কোনো কর্মকর্তার বিষয়ে পরবর্তী সময়ে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন।

অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় এসব কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। এরপর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদান করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাবেন।

উন্নীত পদে যোগদানের তারিখ থেকে কর্মকর্তারা ওই পদের বেতন-ভাতা পাবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাওয়েন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনে তাঁদের মূল পদের জন্য নির্ধারিত হার কার্যকর থাকবে।

কোনো কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদটি শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


মন্তব্য