গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে কী বললেন তথ্যমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৪৪ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৪৪ PM
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস শুধু কোনো ব্যবস্থার বিষয় নয়, এটি মানসিকতারও বিষয়। নিজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেও তা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। তাঁর দাবি, গত ১৭ বছরে সমালোচনা গ্রহণের সেই মানসিকতা ছিল না।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
আন্দালিব রহমান বলেন, গত ছয় মাসে সরকার কিংবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমকে নির্দিষ্ট কোনো সংবাদ প্রকাশের নির্দেশনা দেওয়া হয়নি। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও তিনি স্পষ্ট করে দিয়েছেন, কাউকে নিয়ন্ত্রণ করা হবে না এবং কারও মুখ বন্ধ করে দেওয়া হবে না।
সাংবাদিকদের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা আছেন বলেই সরকার এখানে আছে, আবার সরকার আছে বলেই সাংবাদিকরাও তাদের দায়িত্ব পালন করতে পারছেন। সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।