সংসদভবন এলাকায় ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৮ PM
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ার ঘটনায় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়া থেকে চিকিৎসকের পরামর্শ নিতে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে এসেছিলেন রনজিনা পারভীন। শনিবার ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন। সেখান থেকে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।