যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:২০ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৮:২০ PM
রাজধানী ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে যানজট কমানো ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন জানান, বৈঠকে ঢাকার বর্তমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনালের পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
টোল আদায়ে ইলেকট্রনিক ব্যবস্থা
এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে টোল আদায় আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করা হবে। এ জন্য একটি অ্যাপ তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট কমাতে বুয়েটের প্রতিবেদন
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসন নিয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগে তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এ কার্যক্রম সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।
ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় এরই মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রসারণ হবে গাবতলী বাস টার্মিনাল
যানবাহন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও হয়েছে। এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ের আশপাশে বাড়বে পার্কিং সুবিধা
সচিবালয়ের আশপাশের যানজট কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা চালুর সম্ভাবনা যাচাই করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের জায়গাও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
অটোরিকশার জন্য পৃথক নীতিমালা
ঢাকায় অটোরিকশা চলাচল আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া অনুমোদনহীন দ্বিতল শয্যাবাহী বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।