সারাদেশে অভিযানে নামছে পুলিশের বিশেষ ইউনিট
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:২৩ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৯:২৩ PM
সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। নবগঠিত এই ইউনিট শিগগিরই দেশব্যাপী অভিযান শুরু করবে।
আজ শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করতে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পিস্তল, রিভলবার ও শটগান উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত কাঁদানে গ্যাসের গোলা এবং অন্যান্য লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে অস্ত্রের ধরন ও পরিস্থিতি অনুযায়ী ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। শিগগিরই এই ইউনিট দেশব্যাপী অভিযান শুরু করবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্রের বাতিল করা লাইসেন্স জমা দেওয়া হয়নি, সেগুলোকে ইতোমধ্যে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে মামলা করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারে অভিযানও অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও মানুষের প্রত্যাশা অনুযায়ী কার্যকর করতে নিয়মিত কৌশলগত পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এদিকে সারাদেশে মাদক, চোরাচালান ও চাঁদাবাজি নিয়ন্ত্রণেও গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো কর্মকর্তা প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।