সরকারি চাকরিজীবীদের ছুটি ৫ দিন

ছুটি
  © সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। অর্থাৎ ২০২৬ সাল শেষ হতে বাকি আর চার মাস। সময়ের সঙ্গে সঙ্গে এ বছরের সরকারি ছুটির সংখ্যাও কমে আসছে। বছরের শেষ চার মাসে সরকারি চাকরিজীবীদের জন্য আরও পাঁচ দিন সরকারি ছুটি রয়েছে। তবে এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে অতিরিক্ত কর্মদিবস হিসেবে ছুটি পাওয়া যাবে তিন দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

সেপ্টেম্বরে এক দিনের ছুটি

সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর সরকারি ছুটি রয়েছে। তবে এ দিনটি শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে জন্মাষ্টমীর জন্য সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।

অক্টোবরে দুর্গাপূজায় দুই দিন

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি থাকবে। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।

ডিসেম্বরে দুই দিনের ছুটি

বছরের শেষ মাস ডিসেম্বরেও রয়েছে দুই দিন সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

তবে বড়দিনের ছুটিও শুক্রবার পড়েছে। ফলে সেপ্টেম্বরের জন্মাষ্টমী ও ডিসেম্বরের বড়দিন—এই দুই ছুটি সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় এ দুটি উপলক্ষে অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।

সব মিলিয়ে ২০২৬ সালের বাকি চার মাসে সরকারি ছুটি থাকছে পাঁচ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়া দুই দিন বাদ দিলে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবস হিসেবে ছুটি পাবেন তিন দিন।


মন্তব্য