রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর নামের আগে মহামান্য-মাননীয় নয়
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ PM
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে মহামান্য ও মাননীয় শব্দ লেখা যাবে না।
আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে লিখিতভাবে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা হবে না।
সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন দপ্তরগুলোর দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ পাঠানোর ক্ষেত্রেও এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পদগুলোর আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।