যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ PM
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়া। সাইডলাইনে বিভিন্ন বৈঠক হতে পারে, যেগুলোর সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে হয়।
তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেলে কার কার সঙ্গে বৈঠক হবে, তা জানানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এদিকে, সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।