১ জুলাই থেকে পে স্কেল কার্যকর, বকেয়া পাবেন যেভাবে

পে স্কেল
  © সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এ বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ফলে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বেতন সরকারি কর্মচারীরা বকেয়া হিসেবে পাবেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। তবে গেজেট প্রকাশ করা হয়েছে শনিবার (১৯ সেপ্টেম্বর)।

গেজেটে বলা হয়েছে, নতুন বেতনস্কেল একসঙ্গে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতনস্কেলে নির্ধারিত বেতন এবং ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য বর্তমান বেতনের পার্থক্যের ৪০ শতাংশ ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের এবং ৫০ শতাংশ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দেওয়া হবে। এ হার কার্যকর থাকবে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

পরবর্তী ধাপে ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের ক্ষেত্রে বেতন পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৭৫ শতাংশ দেওয়া হবে।

এরপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ মূল বেতন শতভাগ কার্যকর হবে।

গেজেট প্রকাশের আগের সময়ের বেতনও বকেয়া

নতুন পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও গেজেট প্রকাশ হয়েছে ১৯ সেপ্টেম্বর। ফলে ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত বেতন পাওনা তৈরি হবে।

গেজেটে বলা হয়েছে, আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন কর্মচারীরা বকেয়া হিসেবে পাবেন। তবে এ সময় নতুন বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করে যে অর্থ দেওয়া হবে, সেখান থেকে আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে।

পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপে ধাপে সুবিধা

নতুন বেতনস্কেলের আওতায় পেনশনভোগীদের জন্যও বর্ধিত নিট পেনশন ধাপে ধাপে কার্যকর করার বিধান রাখা হয়েছে।

২০ হাজার ১ টাকা ও তদূর্ধ্ব বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে নতুন বেতনস্কেল অনুযায়ী নিট পেনশন বৃদ্ধির ৪০ শতাংশ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে। আর ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির ৫০ শতাংশ দেওয়া হবে।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী পূর্ণ হারে নিট পেনশন কার্যকর হবে।

অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের নিট পেনশন বকেয়া হিসেবে পাবেন।

বিলুপ্ত হচ্ছে বিশেষ সুবিধা

গেজেটে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল, ২০২৬ কার্যকর হওয়ার তারিখ থেকে বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। ১ জুলাই ২০২৬ থেকে গেজেট জারির তারিখ পর্যন্ত যেসব কর্মচারী বিশেষ সুবিধা পেয়েছেন, তা নতুন পে স্কেলের আওতায় প্রাপ্য বকেয়া বেতন থেকে সমন্বয় করা হবে।

তবে ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে (পিআরএল) ছিলেন, তারা অবসরোত্তর ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে বিশেষ সুবিধা পেতেন, সেই হারেই সুবিধাটি পাবেন।


মন্তব্য