বাড়লো বাসভাড়া, কত?
- বাংলাকণ্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ PM
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের ডিজেলচালিত সাধারণ বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দূরপাল্লা ও মহানগরসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানো হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাধারণত জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোয় বিআরটিএ কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করেছে।
নতুন ভাড়া শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে কার্যকর হবে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। একইভাবে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনকারী যানবাহনের ভাড়াও সরকারি নির্ধারিত নয়। ফলে এসব যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে নতুন ভাড়ার হার প্রযোজ্য হবে না।
ভাড়া নির্ধারণের সময় ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসকে ভিত্তি ধরা হয়েছে। তবে দূরপাল্লার অনেক পরিবহনে যাত্রীদের আরামের জন্য আসনসংখ্যা কমিয়ে দেওয়া হয়। এ ধরনের বাসে আসনসংখ্যা কম থাকায় কিলোমিটারপ্রতি ভাড়া তুলনামূলক বেশি হতে পারে।
বিআরটিএ সূত্র জানিয়েছে, দূরপাল্লা ও শহরের বিভিন্ন রুটে দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। নতুন ১৭ পয়সা যোগ হলে তা বেড়ে দাঁড়াবে ২ টাকা ৭০ পয়সা। মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৫৯ পয়সা।
অন্যদিকে, দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন হার কার্যকর হলে এ ভাড়া বেড়ে দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা।