পুলিশের ৩১ পদে রদবদল

পুলিশ
  © সংগৃহীত

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পর্যায়ের ৩১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর পুলিশ থেকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে এবং সেখানে থাকা পরিতোষ ঘোষকে পার্বত্য জেলা এপিবিএন কার্যালয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি থাকা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া কয়েকজন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব কর্মকর্তার নতুন কর্মস্থল ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।


মন্তব্য