জাতিসংঘের ফাঁকে বাংলাদেশ-আজারবাইজান চুক্তি
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ PM
কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি দিতে চুক্তি করেছে বাংলাদেশ ও আজারবাইজান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি দুই দেশের সরকারি যোগাযোগ জোরদার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষরের পর দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-আজারবাইজান সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষা ও মানবিক ক্ষেত্রে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের।