জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ PM
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী ভাষণটি হবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায়।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতিকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন।
এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের প্রথম ভাষণ। এর মধ্য দিয়ে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পেতে পারে। পাশাপাশি রোহিঙ্গা সংকট, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর কর্মসূচিতে রোহিঙ্গা সংকট এবং জলবায়ু বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকও ছিল। জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
আজকের ভাষণের আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের হুমকি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।