গঙ্গার পানিবণ্টন নিয়ে যা চায় বাংলাদেশ

গঙ্গা
  © সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে ভারত-বাংলাদেশের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ। পুরোনো চুক্তি নবায়নের পরিবর্তে দেশের স্বার্থ সুরক্ষায় গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক সংলাপে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকবে এবং এতে দেশের স্বার্থ সুরক্ষিত হবে।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীগুলোর ওপর পড়ছে। নদীদূষণের মূল কারণ চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলো রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন। পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরীসহ ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত রাখা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।


মন্তব্য