দেশের সব হাট-বাজারের জন্য সরকারের যে নির্দেশ
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ PM
আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন বাজারে নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদের আয়তন বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে সংশ্লিষ্ট স্থাপনার নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করতে হবে।
ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা
চিঠিতে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক মূল ভবন ও অন্যান্য ভবনেও ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
হাট-বাজারের ইজারার অর্থ ব্যবহারের নির্দেশ
‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর বিধি ১০-এর (ঙ) ও (চ) অনুযায়ী, হাট-বাজারের ইজারা থেকে পাওয়া আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট-বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে এবং আরও ১০ শতাংশ উপজেলার আওতাধীন হাট-বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত রয়েছে।
এই অর্থ ব্যবহার করে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে সংশ্লিষ্ট হাট-বাজার কর্তৃপক্ষকে।