বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ PM
বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাঁদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে। এলপিআর শেষে ২০২৭ সালের ১ জুন থেকে তাঁদের অবসর কার্যকর হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত মেয়াদি কমিশনে কর্মরত উইং কমান্ডার সানজিদা আক্তার ও উইং কমান্ডার এনামুল কবিরের চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। এ কারণে বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাঁদের অবসরে পাঠানো হয়েছে।
অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে কর্মরত স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরীর চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাঁদের অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া পাঁচ কর্মকর্তা প্রচলিত বিধিবিধান অনুযায়ী অবসরসংক্রান্ত সব সুযোগ-সুবিধা পাবেন।