তাপপ্রবাহে দেশে কমছে কর্মঘণ্টা, বড় ক্ষতির কথা জানালো বিশ্বব্যাংক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ PM
তীব্র তাপপ্রবাহের কারণে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে অতিরিক্ত গরমের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩০ থেকে ১৮০ কোটি মার্কিন ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক চার শতাংশের সমান।
প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত তাপমাত্রার কারণে শ্রমিকদের কর্মক্ষমতা কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা এবং এর সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে।
তাপপ্রবাহের সবচেয়ে বড় প্রভাব পড়ছে রাজধানী ঢাকায়। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, অতিরিক্ত গরমের কারণে ঢাকায় প্রতি বছর প্রায় ৩ শতাংশ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন চাকরির সমপরিমাণ।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৮০ সালের মধ্যে ঢাকায় উৎপাদনশীল কর্মঘণ্টা ক্ষতির হার বেড়ে ৭ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। বিশেষ করে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে শ্রমিকদের কর্মক্ষমতা দ্রুত কমতে শুরু করে। এর ফলে রপ্তানিনির্ভর তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
বিশ্বব্যাংক আরও জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় প্রতিবছর অতিরিক্ত গরমের কারণে প্রায় ৩ কোটি ১০ লাখ পূর্ণকালীন চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রবণতা চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে এ অঞ্চলের অর্থনীতি প্রায় ৭ শতাংশ পর্যন্ত সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে।
সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিলে বাংলাদেশসহ কয়েকটি দেশের পোশাক খাত ২০৩০ সালের মধ্যে প্রায় ৬ হাজার ৫৮০ কোটি ডলারের রপ্তানি আয় হারাতে পারে।
অর্থনীতিবিদরা বলছেন, তাপসহনশীল অবকাঠামো তৈরি, কর্মক্ষেত্রে উন্নত পরিবেশ নিশ্চিত এবং সবুজ বিনিয়োগ বাড়ানো না গেলে ভবিষ্যতে তাপপ্রবাহ দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।