ভোট জালিয়াতির আশঙ্কা উড়িয়ে দিলেন ফখরুল

মির্জা ফখরুল
  © সংগৃহীত

বাতাসে নানান গুঞ্জন থাকলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতি বা জবরদস্তির আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের ফাঁড়াবাড়ি বাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারকে নিরপেক্ষ আখ্যা দিয়ে মির্জা ফখরুল জানান, এই সরকার সুন্দর ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের পথ প্রশস্ত করতে চায়।

দেশের সাধারণ মানুষ এবার নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সেনাবাহিনী, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ—সবাই এখন একটি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। সুন্দর নির্বাচনের সম্ভাবনা এবার অনেক বেশি এবং এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। নির্বাচনী সভায় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, এ দেশে হিন্দু-মুসলিম বা বৌদ্ধ-খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ নেই; সবাই সমান নাগরিক অধিকার সম্পন্ন বাংলাদেশি। ভোটের মাঠে কোনো ধরনের হামলা বা ভীতির সুযোগ নেই জানিয়ে তিনি সবাইকে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের তাগিদ দেন।

নির্বাচনী এই সভায় ঠাকুরগাঁও জেলা ও উপজেলার স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ নেন।


মন্তব্য