শেখ হাসিনার বক্তব্য প্রচারে না
- জার্নাল ডেস্ক
- প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৩৩ PM
ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
শুক্রবার (১১ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার স্বার্থে এ অনুরোধ জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সেই নির্দেশনা এখনো কার্যকর রয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো পলাতক ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার বা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনি বিধিনিষেধ রয়েছে।
এ কারণে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার যেকোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য, সরাসরি বা ধারণকৃত টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য সব গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সরকার।
দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেছে সরকার।