শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
  © সংগৃহীত

দেশে ফিরলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই; তাকে গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সম্প্রতি জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার আমল থেকে বর্তমান সরকার পর্যন্ত ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন। তবে আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। তিনি ইতোমধ্যেই দণ্ডিত। ফলে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। দেশে ফিরলেই তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করা হবে। আপিলের কোনো সুযোগ থাকলে সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।”

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রতিটি শহীদ পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা, ‘ক’ শ্রেণির আহতদের ৫ লাখ টাকা, ‘খ’ শ্রেণির আহতদের ৩ লাখ টাকা এবং ‘গ’ শ্রেণির আহতদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে এবং গুরুতর আহতদের প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

তিনি আরও জানান, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় অর্জন ‘জুলাই ঘোষণাপত্র’। এর ধারাবাহিকতায় জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন করা হয়েছে। শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের সুরক্ষা, সাংবিধানিক স্বীকৃতি এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে অঙ্গীকার এসব নথিতে রয়েছে, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশে ফিরে তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন।


মন্তব্য