জুলাই নিয়ে ‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া’ তত্ত্ব চরমোনাই পীরের
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৩:৫১ PM
‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়িত হয়নি’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
রোববার ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
চরমোনাই পীর বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে রাজনৈতিক ঝুঁকি নিয়েও তাঁর দল রাজপথে ছিল। বাইতুল মোকাররম এলাকায় ইসলামী যুব আন্দোলনের সমাবেশ ও মিছিলে তিনি নিজে এবং দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তাঁদের অনেক নেতা-কর্মী আহত হন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘সেদিনই বলেছিলাম, ফ্যাসিবাদের পতন হবেই। পতন হয়েছে। কিন্তু যে লক্ষ্য নিয়ে তরুণ প্রজন্ম আন্দোলনে নেমেছিল, তা এখনো পূরণ হয়নি। শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়িত হয়নি।’
রেজাউল করীম আরও বলেন, দেশের অতীতের বিভিন্ন গণআন্দোলন ও অভ্যুত্থানের পর বারবার এমন শক্তির হাতে রাষ্ট্রক্ষমতা গেছে, যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ ছিল না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইসলামভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামী শরিয়াহভিত্তিক শাসনই মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ১৯ জুলাই ২০২৪ সালে ঢাকায় ইসলামী যুব আন্দোলনের সমাবেশ ও মিছিলে পুলিশ গুলি চালায় এবং শতাধিক নেতা-কর্মী আহত হন। তাঁর দাবি, জুলাই আন্দোলনে চরমোনাই পীর যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, অন্য কোনো দলের শীর্ষ নেতাকে সেভাবে দেখা যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা চলছে, যা দুঃখজনক। একই সঙ্গে তিনি দাবি করেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব তৈরির সময় এনসিপি বিভিন্ন বিষয়ে বিএনপির অবস্থানকে সমর্থন করলেও পরে নির্বাচনের সময় বিএনপিবিরোধী অবস্থানে যায়। তাঁর ভাষায়, এতে প্রমাণ হয় জুলাই-পরবর্তী নির্বাচন ছিল ‘পাতানো খেলা’।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুনসহ অন্যরা।